ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের আগে সাজঘরের ভেতরের চিত্র সাধারণত গোপনেই থাকে। কিন্তু ২০২৬ বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার ঠিক আগে আর্জেন্টিনা ড্রেসিংরুমের একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তুমুল হইচই। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসির একটি সংক্ষিপ্ত বার্তা- ‘সবকিছু ভুলে যাও, শুধু খেলো’; ফুটবল প্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
প্রথমে ভিডিওর ছোট একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে এর নেপথ্যে রহস্য বা ষড়যন্ত্র খুঁজতে থাকেন। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশের পর বিষয়টি পরিষ্কার হয়েছে। দেখা যায়, ম্যাচের পাহাড়সম চাপ থেকে সতীর্থদের মুক্ত রাখতেই অধিনায়ক এমন পরামর্শ দিয়েছিলেন। ড্রেসিংরুম থেকে মাঠে প্রবেশের মুহূর্তে মেসি সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চলো ছেলেরা, আমাদের শান্ত থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শান্ত থাকা। মাঠের বাইরের সবকিছু ভুলে যাও, কেবল খেলায় মন দাও।’
মেসির এই অনুপ্রেরণামূলক বার্তার পরপরই শুরু হয় খেলোয়াড়দের কৌশলগত আলাপ। ভিডিওতে দেখা যায়, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো স্পেনের আক্রমণভাগ সামলানো নিয়ে ব্যস্ত। বিশেষ করে স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামালকে কীভাবে চাপে রাখা যায়, তা নিয়ে চলছিল নিবিড় আলোচনা। লিসান্দ্রো মার্টিনেজও সতীর্থদের সতর্ক করে বলছিলেন যাতে স্পেনের ফুটবলাররা ভেতরে কাট করে পাস বা শট নেওয়ার সুযোগ না পায়। এমনকি তাগলিয়াফিকোকে নির্দিষ্ট দায়িত্ব বুঝিয়ে দেন লিসান্দ্রো।
মাঠে নামার আগের সেই উত্তেজনাকর মুহূর্তে মেসির কৌশলগত নির্দেশনাও ছিল স্পষ্ট। তিনি লিয়ান্দ্রো পারেদেস ও এনজো ফার্নান্দেজকে খুব বেশি ওপরে উঠে না খেলার পরামর্শ দেন যাতে রক্ষণভাগ অরক্ষিত না হয়ে পড়ে। ভিডিওর শেষে গোলরক্ষক দিবু মার্টিনেজকে প্রচণ্ড আত্মবিশ্বাসী দেখা গেলেও শেষ পর্যন্ত ভাগ্য সহায় ছিল না আলবিসেলেস্তেদের। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। এই ভিডিও নিয়ে চারদিকে কৌতূহলী আলোচনা চললেও কোচ লিওনেল স্কালোনি কোনো মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার নিজের জন্মস্থান পুহাতোতে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নীরবতা পালন করেন তিনি।
