ছবি: সংগৃহীত
সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ী এলাকায় অবস্থিত ‘সুরমা ভ্যালী হাসপাতাল’কে আগামী ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছে জেলা প্রশাসন। যথাযথ লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বুধবার বিকেলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল ও ফার্মেসিকে পৃথকভাবে জরিমানা করার পাশাপাশি কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালিত হয়। লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনার দায়ে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী সুরমা ভ্যালী হাসপাতালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের প্রয়োজনীয় সব দাপ্তরিক কাগজপত্র ও লাইসেন্স ঠিক করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এছাড়া একই অভিযানে হাসপাতাল সংলগ্ন সুরমা ভ্যালী ফার্মেসীকে অনিয়মের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব এই বিষয়ে গণমাধ্যমকে জানান, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। রোগীদের ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে লাইসেন্স, আইনি অনুমোদন এবং ওষুধ বিক্রির সঠিক নিয়মাবলী মানা হচ্ছে কি না, তা গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনাসমূহ বাস্তবায়নে ব্যর্থ হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিলগালাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, বিগত কয়েক দিন ধরে সিলেটে বেসরকারি হাসপাতালগুলোর ওপর প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।
এর আগে হাওয়াপাড়ার সেন্ট্রাল হাসপাতাল, মির্জাজাঙ্গালের সেফওয়ে হাসপাতাল ও শিবগঞ্জের আল-বারাকা চক্ষু হাসপাতালেও অভিযান চালানো হয়। এর মধ্যে সেফওয়ে হাসপাতালকে সিলগালা করা হয়েছে এবং অন্যান্যদের সতর্কতামূলক জরিমানাসহ চূড়ান্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে।
