https://www.emjanews.com/

17256

sports

প্রকাশিত

২১ জুলাই ২০২৬ ২১:৩৪

খেলাধুলা

'শান্ত থাকো, খেলায় মন দাও'- ড্রেসিংরুমে মেসির সেই বার্তা কেন?

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ ২১:৩৪

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হতাশাজনক পারফরম্যান্সের পর নতুন করে আলোচনায় এসেছে ম্যাচ শুরুর আগে দলের ড্রেসিংরুমের পরিবেশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

ফাইনালে ওঠার পথে দারুণ ছন্দে ছিল আর্জেন্টিনা। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় জয় দলটির আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে সম্পূর্ণ ভিন্ন এক আর্জেন্টিনাকে দেখা যায়। পুরো ম্যাচে তারা একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। অধিনায়ক লিওনেল মেসিকেও কার্যকরভাবে আটকে রাখে স্পেনের রক্ষণভাগ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালের আগে ড্রেসিংরুমের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, সতীর্থদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানাচ্ছেন মেসি।

ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘চলো সবাই, শান্ত থাকো। সবাই শান্ত হও। এখন শুধু খেলাটার কথাই ভাবো। যা-ই হোক, সব ভুলে যাও। শুধু খেলায় মন দাও।’

এই বক্তব্যের পর থেকেই অনলাইনে শুরু হয় নানা আলোচনা। অনেক সমর্থকের ধারণা, ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল, যার প্রভাব মাঠের পারফরম্যান্সে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, স্টেডিয়ামে পৌঁছানোর সময় খেলোয়াড়দের স্বাভাবিক মনে হলেও মাঠে নামার ঠিক আগে তাদের মুখাবয়বে উদ্বেগ ও বিষণ্নতার ছাপ ছিল। কেউ কেউ দাবি করেন, এনজো ফার্নান্দেজকে কান্নার কাছাকাছি মনে হচ্ছিল, আর লিসান্দ্রো মার্তিনেজকেও অস্বাভাবিক গম্ভীর দেখাচ্ছিল।

তবে এসব দাবি কেবল সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক পর্যবেক্ষণ। ম্যাচের আগে আর্জেন্টিনা দলের ভেতরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল- এমন দাবির পক্ষে এখন পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ), ফিফা কিংবা দলের কোনো খেলোয়াড় বা কর্মকর্তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ফলে ভাইরাল ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন ব্যাখ্যা নিয়ে আলোচনা চললেও, সেগুলো এখনো নিশ্চিত তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। বরং নির্ভরযোগ্য তথ্য প্রকাশ না হওয়া পর্যন্ত বিষয়টি জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।