https://www.emjanews.com/

17309

international

প্রকাশিত

২৩ জুলাই ২০২৬ ২১:১৬

আন্তর্জাতিক

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক সিজেপির

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ২১:১৬

ছবি: সংগৃহীত

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ওপর ‘পুলিশি বর্বরতার’ প্রতিবাদে এবার বড় ধরনের কর্মসূচির ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী শুক্রবার (২৪ জুলাই) দলটির পক্ষ থেকে ভারতজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সিজেপি তাদের সমর্থক, বিভিন্ন ছাত্র সংসদ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতিটি শহরে শান্তিপূর্ণভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছে।

ইন্ডিয়া টুডের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

সম্প্রতি নয়া দিল্লিতে সিজেপি আয়োজিত ‘চলো সংসদ’ মার্চ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ উঠেছে, বেশ কয়েকটি রাজ্যে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ ও হামলা চালিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে দেশব্যাপী নতুন এই আন্দোলনের কর্মসূচি দেওয়া হয়েছে।

দলটির কেন্দ্রীয় নেতৃত্বের দাবি, পুলিশের দমন-পীড়নের কারণে রাজধানীর গণ্ডি পেরিয়ে আন্দোলন এখন গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার সংকল্প আরও দৃঢ় হয়েছে।

এদিকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছে দিল্লি পুলিশ। তাদের দাবি, পদযাত্রা চলাকালীন বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে এবং সরকারি সম্পত্তি ভাঙচুরসহ দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। পরিস্থিতি মোকাবিলায় দেশব্যাপী এই ক্যাম্পেইন সফল করতে স্থানীয় আয়োজকদের জন্য একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর’ (এসওপি) ও প্রচারপত্র তৈরি করেছে সিজেপি।

নির্দেশনায় বলা হয়েছে, বিক্ষোভকারীরা নির্দিষ্ট স্থানে জড়ো হয়ে শিক্ষার্থীদের দাবিনামা পাঠ করবেন এবং আহত বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে জেলা কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দেবেন।

উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে গত ২০ জুন দিল্লির যন্তর মন্তরে এই আন্দোলনের সূত্রপাত হয়। প্রখ্যাত পরিবেশবাদী ও অ্যাক্টিভিস্ট সোনম ওয়াংচুক আমরণ অনশন শুরু করে শিক্ষার্থীদের এই লড়াইয়ে সংহতি প্রকাশ করার পর থেকে দেশজুড়ে আন্দোলন আরও বেগবান হয়েছে।