https://www.emjanews.com/

17303

weather

প্রকাশিত

২৩ জুলাই ২০২৬ ২০:২৬

আবহাওয়া

১৪ জেলায় বন্যার শঙ্কা, সিলেটে বিপৎসীমার ওপর কুশিয়ারা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ ২০:২৬

ছবি: সংগৃহীত

দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের অন্তত ১৪টি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার কয়েকটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ ও সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে এবং সোমেশ্বরী নদীর পানি নেত্রকোনার কলমাকান্দা স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এসব এলাকার নিচু জনপদ দ্রুত প্লাবিত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে, যা সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটাতে পারে।

অন্যদিকে, রাজশাহী বিভাগের আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নওগাঁ জেলার নিম্নাঞ্চলেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। তবে নেত্রকোনার সোমেশ্বরী নদীর পানি কমতে শুরু করায় সেখানে পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

এ ছাড়া তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রামের নিচু এলাকাগুলোতেও পানি ঢুকে পড়তে পারে।

দক্ষিণ-পূর্বাঞ্চলে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সতর্কসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, গঙ্গা ও পদ্মা নদীর পানিও আগামী পাঁচ দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।