সিলেটে অফিসার ইনচার্জ (ওসি) পরিচয় ব্যবহার করে প্রতারণার মাধ্যমে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনসাধারণকে সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়, ০১৮৭০৩৭০৯৩৫ নম্বর থেকে কোতোয়ালী মডেল থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ফোন করে টাকা দাবি করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট নম্বরটি কোতোয়ালী মডেল থানার ওসির নয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এ ধরনের ফোনকল বা বার্তা পেলে কেউ যেন বিভ্রান্ত না হন এবং কোনো ধরনের আর্থিক লেনদেনে জড়িত না হন।
একই সঙ্গে কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, প্রতারণা রোধে এ বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।
