https://www.emjanews.com/

17334

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ১৬:১০

আপডেট

২৫ জুলাই ২০২৬ ১৬:১৩

সিলেট

সিলেটের যানজট নিরসনে হচ্ছে সড়ক নির্মাণ: খন্দকার আব্দুল মুক্তাদির

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ১৬:১০

সিলেট শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আম্বরখানা থেকে লাক্কাতুরা পর্যন্ত নতুন সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে নগরবাসীর ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে।

শনিবার (২৫ জুলাই) সিলেট সার্কিট হাউসে সড়ক ও জনপথ বিভাগ এবং সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে এক যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার জনগণের দুর্ভোগ লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সিলেট শহরের যানজট সমস্যা সমাধানে পরিকল্পিতভাবে নতুন সড়ক নির্মাণসহ চলমান প্রকল্প দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।

তিনি আরও বলেন, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৪২টি ওয়ার্ডে সমন্বিত উন্নয়নের লক্ষ্যে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট শহর আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল নগরীতে রূপ নেবে। একই সঙ্গে জলাবদ্ধতা ও সড়ক অবকাঠামোসংক্রান্ত প্রধান সমস্যাগুলোরও সমাধান হবে।

জলাবদ্ধতা নিরসনে ছড়া সংরক্ষণ এবং পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ সম্ভব। পানির উৎস থেকে নদী পর্যন্ত প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নুরের জামান চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী জানান, সিলেটের সড়ক উন্নয়ন প্রকল্পগুলো চলমান রয়েছে। সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ হয়ে মৌলভীবাজারগামী সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাক্কাতুরা হয়ে টিবি গেট পর্যন্ত একটি বিকল্প সড়ক নির্মাণের পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।