https://www.emjanews.com/

17353

sylhet

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ২২:০০

সিলেট

সুনামগঞ্জে বন কর্মকর্তার সামনেই মেছোবাঘ পিটিয়ে হত্যা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ২২:০০

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকায় বন বিভাগের কর্মকর্তার উপস্থিতিতেই একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা।

শনিবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার ছিলিমপুর গ্রামের মরহুম আব্দুল আহাদ চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের উদ্ধার তৎপরতার চরম অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই শেষ পর্যন্ত বন্যপ্রাণীটি প্রাণ হারায়।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির কেয়ারটেকার ফিরোজ মিয়া বাড়ির উঠানের একটি আমগাছে মেছোবাঘটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আনিসুর রহমান এবং জগন্নাথপুর থানার এসআই অনিক রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিলেও বন বিভাগের পক্ষ থেকে প্রাণীটি উদ্ধারে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তাদের দাবি, উদ্ধার অভিযানের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম না এনে বন বিভাগের কর্মকর্তা শুধু একটি চটের ব্যাগ নিয়ে ঘটনাস্থলে আসেন, যা উপস্থিত জনতার মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মেছোবাঘটিকে গাছ থেকে নামায়।

গাছ থেকে নামার সঙ্গে সঙ্গে প্রাণীটি পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতার একাংশ লাঠি ও টেঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই মেছোবাঘটির মৃত্যু হয়।

ঘটনার পর বন বিভাগের ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণে দায়িত্বপ্রাপ্ত সংস্থার প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন নাগরিকরা।