সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযানে ৩২ ঘণ্টায় ৬৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এসএমপি সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৪ জুলাই) রাত ১২টা থেকে আজ শনিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, সন্দেহজনক ব্যক্তিসহ ম্যাজিস্ট্রেট কর্তৃক দণ্ডপ্রাপ্ত এবং মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেফতারকৃতরা। অভিযান চলাকালে ৩৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা প্রদান এবং ১৩টি যানবাহন আটক করা হয়। ফলে মোট ৪১টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি জানিয়েছে, অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
