https://www.emjanews.com/

17352

tourism

প্রকাশিত

২৫ জুলাই ২০২৬ ২১:৪৭

পর্যটন

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ২১:৪৭

ছবি: সংগৃহীত

চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। নতুন নির্দেশনা অনুযায়ী, চিকিৎসা ভিসার (বি-২) আবেদনকারীদের চিকিৎসা, যাতায়াত এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালীন সব ধরনের ব্যয় বহনের আর্থিক সক্ষমতার প্রমাণ দাখিল করতে হবে।

শনিবার (২৫ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মার্কিন দূতাবাস জানায়, চিকিৎসার উদ্দেশ্যে বি-২ (B-2) ভিসা আবেদনকারীদের প্রতিটি আবেদন কনস্যুলার কর্মকর্তারা পৃথকভাবে মূল্যায়ন করবেন। এর মাধ্যমে নিশ্চিত করা হবে যে আবেদনকারীর চিকিৎসা বা অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর কোনো আর্থিক বোঝা সৃষ্টি হবে না।

নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের নিজ দেশের নিবন্ধিত চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে হবে। পাশাপাশি কেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা প্রয়োজন, তার যৌক্তিক ব্যাখ্যাও দিতে হবে।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের কোনো চিকিৎসক বা হাসপাতালের সম্মতিপত্র দাখিল করতে হবে। ওই নথিতে চিকিৎসার সম্ভাব্য সময়কাল, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং আনুমানিক ব্যয়ের বিস্তারিত উল্লেখ থাকতে হবে।

দূতাবাস আরও জানিয়েছে, আবেদনকারীদের চিকিৎসা ব্যয়, বিমান ভাড়া এবং যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আবাসন ও অন্যান্য খরচ বহনের জন্য পর্যাপ্ত আর্থিক সক্ষমতার প্রমাণও জমা দিতে হবে।

মার্কিন দূতাবাসের মতে, প্রয়োজনীয় নথিপত্র ও আর্থিক সক্ষমতার যথাযথ প্রমাণ থাকলে চিকিৎসা ভিসা আবেদন মূল্যায়ন প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে।