ছবি: সংগৃহীত
কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে শিরোপা জয়ের লড়াইয়ে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।
পুরো টুর্নামেন্টজুড়ে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলে পাঁচটিতে জয় পেয়েছে দলটি। উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ। এরপর নেপাল ও কাজাখস্তানকেও একই ব্যবধানে (৩-২) পরাজিত করে।
তবে গ্রুপ পর্বে একমাত্র হার আসে স্বাগতিক ও টুর্নামেন্টের অপরাজিত দল পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ ৩-০ সেটে পরাজিত হয়।
রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়ে শেষ চার নিশ্চিত করে বাংলাদেশ। এরপর সেমিফাইনালে আবারও উজবেকিস্তানের মুখোমুখি হয়ে এবার আরও দাপুটে পারফরম্যান্সে ৩-০ সেটে জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে দলটি।
আট দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার। পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (CAVA) তত্ত্বাবধানে আয়োজিত এ আসরে অংশ নিয়েছে স্বাগতিক পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
এখন শিরোপা জয়ের লক্ষ্যে বাংলাদেশের সামনে শেষ বাধা ফাইনাল। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত থাকা পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল জিতলে ফাইনালে স্বাগতিকদের বিপক্ষেই লড়বে বাংলাদেশ।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম ফাইনালে ওঠায় জাতীয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এটি বাংলাদেশের ভলিবলের জন্য অত্যন্ত গর্বের একটি অর্জন। ছেলেরা শুরু থেকেই দারুণ আত্মবিশ্বাস ও লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। সেমিফাইনালে উজবেকিস্তানের বিপক্ষে যেভাবে তারা খেলেছে, তা সত্যিই প্রশংসনীয়। এখন আমাদের একটাই লক্ষ্য- ফাইনালে নিজেদের সেরাটা খেলে শিরোপা জয় করা। দেশের মানুষের দোয়া ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমরা আরও একটি ইতিহাস গড়তে পারব।’
