ছবি: সংগৃহীত
পাঁচ সেটের রুদ্ধশ্বাস লড়াই শেষে নেপালকে হারিয়ে কাভা (CAVA) মেন’স ভলিবল চ্যাম্পিয়নশিপে তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল। রোববার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগের চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে (২৫-১৮, ১৯-২৫, ২৫-২১, ২৩-২৫, ১৫-১১) জয় পায়।
ম্যাচের শুরুতে প্রথম সেটে ভালো লড়াই করেও ২৫-১৮ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে শুরু থেকেই দারুণ ছন্দে খেলেন হরসিত, সুজনরা। শেষ দিকে নেপাল কিছুটা প্রতিরোধ গড়লেও ২৫-১৯ ব্যবধানে সেট জিতে সমতায় ফেরে বাংলাদেশ।
তৃতীয় সেটে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হলেও ২৫-২১ ব্যবধানে সেট জিতে এগিয়ে যায় নেপাল। চতুর্থ সেটে দারুণ প্রত্যাবর্তন করে ২৫-২৩ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ফলে ম্যাচ গড়ায় নির্ধারণী পঞ্চম সেটে। সেখানে শুরু থেকেই আধিপত্য দেখিয়ে ১৫-১১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হারলেও তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৩-২ সেটে হারিয়ে জয়ে ফিরে দলটি। নেপালকে হারিয়ে চার ম্যাচে তিন জয় নিয়ে আত্মবিশ্বাস আরও বেড়েছে বাংলাদেশের।
এবারের আসরে পাকিস্তান, বাংলাদেশ, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাসহ মোট ছয়টি দল অংশ নিচ্ছে। রাউন্ড রবিন লিগে নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে সোমবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সাদ্দাম দলের এই জয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘কাভা চ্যাম্পিয়নশিপের মতো আন্তর্জাতিক আসরে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স বাংলাদেশের ভলিবলের অগ্রগতির ইতিবাচক বার্তা দিচ্ছে। আমাদের লক্ষ্য শুধু একটি বা দুটি ম্যাচ জেতা নয়, দক্ষিণ ও মধ্য এশিয়ার ভলিবলে বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করা। খেলোয়াড়দের মধ্যে এখন জয়ের ক্ষুধা তৈরি হয়েছে, যা ভবিষ্যতের জন্য খুবই আশাব্যঞ্জক।’
তিনি বলেন, ‘এখন আমাদের পুরো মনোযোগ শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে। খেলোয়াড়রা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারে, তাহলে ভালো ফল অর্জন সম্ভব। দেশের মানুষের দোয়া ও সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা বিশ্বাস করি, এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ ভলিবলকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব হবে।’
