সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়েই রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচজনের শরীরে ল্যাবরেটরি পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে আরও ১০২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির খবর, এই সময়ে হামের উপসর্গে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৬১৬ জনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২০৬ জন, হবিগঞ্জে ৬১ জন (যাদের মধ্যে ২ জন রুবেলায় আক্রান্ত), মৌলভীবাজারে ২৭ জন এবং সুনামগঞ্জে সর্বোচ্চ ৩২২ জন শনাক্ত হয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ২৯১ জন রোগী। এর মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বাধিক ৯৮ জন ভর্তি আছেন। এছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ জন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জনসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও বেশ কয়েকজন চিকিৎসাধীন রয়েছেন।
যদিও গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি, তবু বছরের শুরু থেকে হামের প্রভাব কতটা ভয়াবহ ছিল, তার চিত্র স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যানে স্পষ্ট। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১০৫ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৯ জনে।
জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে- সেখানে সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে ৪৮ জন মারা গেছেন। সিলেটে ৩৭ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং হবিগঞ্জে ১১ জনের মৃত্যু হয়েছে।
এ বিষয়ে স্বাস্থ্য বিভাগ, সিলেটের পরিচালক ডা. মাহবুবুল আলম বলেন, নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা এখনো উল্লেখযোগ্য থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
