সিলেট নগরের বাগবাড়ি এলাকায় একটি বাসা থেকে মনোজ কান্তি দাস (৫২) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) মধ্যরাতে নগরের বাগবাড়ি নরসিনটিলা এলাকার প্রমুক্ত একতা-২৫৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মনোজ কান্তি দাস সুনামগঞ্জের শাল্লা উপজেলার নারকিলা গ্রামের মৃত মহিম চন্দ্র দাসের ছেলে। তিনি সম্প্রতি মৌলভীবাজারে কর্মরত অবস্থায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদ থেকে অবসরে যান।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, মনোজ কান্তি দাসের স্ত্রী গত বছর একটি সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকেই তিনি বাসার দ্বিতীয় তলার একটি কক্ষে একাই বসবাস করছিলেন। পরিবারের অন্য সদস্যরা তৃতীয় তলায় থাকতেন।
মঙ্গলবার সারাদিন তার কোনো সাড়া-শব্দ না পেয়ে স্বজনদের সন্দেহ হলে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় দরজা ভেঙে কক্ষের মেঝেতে পড়ে থাকা তার মরদেহ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, নিহতের নাক দিয়ে রক্ত বের হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যেতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদনে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
