সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের জেরে বাতির আলী (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সিলাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাতির আলী দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন সিলাম এলাকার মুক্তারপুর গ্রামের মৃত ছৈদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক বাতির আলীকে তার ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায়। পরে তারা তাকে মারধর করে বাড়ির পাশেই ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোগলাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সিহাব মাহমুদ জানান, বুধবার (২৯ জুলাই) বিকেলে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের মতে, নিহতের বাড়ির পাশ দিয়ে যাওয়া রাস্তার নির্মাণ কাজ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।
