https://www.emjanews.com/

17611

sports

প্রকাশিত

০৬ আগস্ট ২০২৬ ২১:২৬

খেলাধুলা

পদকের লক্ষ্যে চীনের পথে বাংলাদেশ স্কেটিং দল

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ ২১:২৬

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ স্কেট ট্র্যাক সিরিজ ক্লাব চ্যাম্পিয়নশিপে পদক জয়ের লক্ষ্য নিয়ে চীনের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ স্কেটিং দল। আগামী ১০ থেকে ১২ আগস্ট চীনের লিশুই শহরে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবেন বাংলাদেশের ২২ জন স্কেটার।

এবারের দলে রয়েছেন ৯ জন নারী ও ১৩ জন পুরুষ স্কেটার। পাঁচজন কর্মকর্তাসহ মোট ২৭ সদস্যের দলটি বৃহস্পতিবার রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবে।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবে স্বাগতিক চীন, দক্ষিণ কোরিয়া, ইরান, রাশিয়া ও তাইওয়ানের মতো শক্তিশালী দেশ। কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকলেও আগের আসরের সাফল্য নতুন করে আত্মবিশ্বাস জুগিয়েছে বাংলাদেশ দলকে।

গত বছর অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের স্কেটাররা দুটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জ পদক জিতে আলোড়ন সৃষ্টি করেন। বিশেষ করে স্কেটার নাবীয়ুন ইসলাম ৫০০ মিটার স্পিড রেস এবং ১,০০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে দুটি স্বর্ণপদক জিতে দেশের স্কেটিংয়ে নতুন ইতিহাস গড়েন।

বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক অনুষ্ঠানে স্কেটিং দলের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী।

এ সময় বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সভাপতি ড. কামরুজ্জামান কায়সার, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম এবং বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘গতবার আমরা দুটি স্বর্ণপদক জিতেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়েই যাচ্ছি। দেশের মানুষের দোয়া ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি।’