https://www.emjanews.com/

17703

sylhet

প্রকাশিত

১০ আগস্ট ২০২৬ ২০:২৪

সিলেট

হবিগঞ্জে রেল কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

দায়িত্ব পালনে হামলা-হেনস্তা বন্ধ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ ২০:২৪

ছবি: ইমজা নিউজ

সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা, হেনস্তা ও দায়িত্ব পালনে বাধা দেওয়ার প্রতিবাদে সারাদেশে একযোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা যাত্রীসেবা ও সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় দুষ্কৃতিকারীদের হামলা, হেনস্তা ও বাধার মুখে পড়ছেন। এতে একদিকে যেমন কর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে, অন্যদিকে রেলওয়ের স্বাভাবিক সেবা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে বলেন, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে রেলওয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন হামলা, হেনস্তা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনে বাধা সৃষ্টি কিংবা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি বলে দাবী করেন। 

তিনি আরো বলেন, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করা গেলে তাঁরা আরও নির্বিঘ্নে যাত্রীসেবা ও রেলওয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারবেন। কর্মস্থলে নিরাপদ ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে রেল কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং কর্মস্থলে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রেলওয়ে কর্মকর্তা কর্মচারীগণ।

মানববন্ধন কর্মসূচিতে শায়েস্তাগঞ্জ রেলওয়ের বিভিন্ন বিভাগের *রবিউল ইসলাম (হাবিলদার), মো. আলাউদ্দিন মিয়া (সদস্য, আরএনবি), মো. সুমন মিয়া (পুলিশ সদস্য, জিআরপি), মো. ফয়েজ মিয়া (গ্যাং মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং বিভাগ), মো. হাসান মাহমুদ (বুকিং সহকারী), মো. আমজাদ হোসেন, প্রসেনজিৎ দাস, হৃদয় মিয়া (গেটকিপার), মন্টু হরিজন ও রতন হরিজন (পরিচ্ছন্নতাকর্মী)-সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দেশের বিভিন্ন রেলওয়ে অঞ্চলে একই দাবিতে একযোগে এ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত এবং দায়িত্ব পালনে হামলা-হেনস্তা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।