ছবি: সংগৃহীত
বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপলক্ষে বুধবার (১২ আগস্ট) সকালে বনানীতে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে আয়োজিত এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, বিসিবি পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিসিবির অন্যান্য পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও ফাতিহা পাঠ করা হয়।
উল্লেখ্য, আরাফাত রহমান কোকো বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান হিসেবে দেশের ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
