https://www.emjanews.com/

17677

sports

প্রকাশিত

০৯ আগস্ট ২০২৬ ১৯:৫০

আপডেট

০৯ আগস্ট ২০২৬ ১৯:৫১

খেলাধুলা

কমলাপুর স্টেডিয়ামের অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী, প্রশাসক বরখাস্ত

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ ১৯:৫০

ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের চরম অব্যবস্থাপনা ও অস্বাস্থ্যকর পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। স্টেডিয়ামের জীর্ণ দশা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রশাসককে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন।

রোববার (৯ আগস্ট) দুপুরে কমলাপুর স্টেডিয়াম আকস্মিক পরিদর্শনে যান ক্রীড়া প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক জাহেদ পারভেজ চৌধুরীসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরেজমিনে পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী লক্ষ্য করেন, স্টেডিয়ামের ড্রেসিংরুম, ওয়াশরুম, প্রেস বক্স ও সিঁড়ির চারপাশে ধুলোবালি ও আবর্জনার স্তূপ জমে আছে। অসহ্য গরমের মাঝেও ড্রেসিংরুমের পরিবেশ উপযুক্ত না থাকায় খেলোয়াড়দের মাঠের বাইরে গিয়ে বিশ্রাম নিতে দেখা যায়। এই মানবেতর পরিস্থিতি দেখে প্রতিমন্ত্রী বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রায় দুই মাস আগে এক পরিদর্শনে তিনি স্টেডিয়ামের ছাদ থেকে অবৈধ স্থাপনা ও ময়লা সরানোর কঠোর নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু সংশ্লিষ্ট প্রশাসকের চরম গাফিলতির কারণে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। নির্দেশ অমান্য ও দায়িত্বে চরম অবহেলার কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

স্টেডিয়ামের হারানো জৌলুস ফিরিয়ে আনতে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একটি প্রতিনিধি দল দ্রুত সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করবে। এছাড়া সুষ্ঠু রক্ষণাবেক্ষণের স্বার্থে স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে হস্তান্তরের নীতিগত সিদ্ধান্তের কথা জানান আমিনুল হক।

খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে যেকোনো অনিয়ম দ্রুত নজরে আনার জন্য তিনি ক্রীড়াসংশ্লিষ্ট ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।