ছবি: সংগৃহীত
মাগুরার আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দীর্ঘ শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার (২৫ আগস্ট) দিন ধার্য করা হয়েছে।
আদালতে আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত বছরের ৫ মার্চ রমজানের ছুটিতে মাগুরার নিজনান্দুয়ালী এলাকায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় শিশু আছিয়া। বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার চেষ্টা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন শিশুটি মারা যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করলে পুলিশ দ্রুত সবাইকে গ্রেফতার করে।
বিচারিক ইতিহাসে অনন্য নজির স্থাপন করে মাত্র ১৩ কার্যদিবসে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই আলোচিত মামলার বিচার কার্যক্রম শেষ করে। গত বছরের ১৭ মে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেন।
তবে মামলার অপর তিন আসামি- নিহত শিশুর বোনের স্বামী সজীব শেখ, তার ছোট ভাই এবং মা জাহেদা বেগমকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়।
আইন অনুযায়ী, বিচারিক আদালতে মৃত্যুদণ্ডাদেশ হলে তা অনুমোদনের জন্য উচ্চ আদালতের সম্মতির প্রয়োজন হয়। সেই প্রেক্ষিতে মামলার নথিপত্র উচ্চ আদালতে পাঠানো হলে পেপারবুক প্রস্তুত শেষে শুনানি শুরু হয়।
মঙ্গলবার এই লোমহর্ষক হত্যাকাণ্ডের চূড়ান্ত রায় প্রদানের মাধ্যমে আছিয়ার পরিবার ন্যায়বিচার পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
