পরিবেশ সংরক্ষণ, সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ বিকাশে ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছে আনন্দনিকেতন আর্থ ক্লাব। ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে ২০১৫–১৬ শিক্ষাবর্ষে চালু হওয়া হাউস সিস্টেমের চারটি হাউসের শিক্ষার্থীদের সম্পৃক্ততায় এসব কার্যক্রম আরও বিস্তৃত ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে শিক্ষার্থীরা সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপরিসরে ৭৫০টিরও বেশি রাধাচূড়া গাছ রোপণ করেছে। স্কুলের সামনে থেকে ব্লু বার্ড স্কুল হয়ে কাজী নজরুল অডিটোরিয়াম পর্যন্ত, আম্বরখানা পয়েন্ট থেকে বিমানবন্দরগামী সড়ক এবং সাগরদিঘীরপাড় ওয়াকওয়ে এলাকায় এসব বৃক্ষরোপণ করা হয়। শুধু গাছ লাগানোতেই সীমাবদ্ধ থাকেনি উদ্যোগটি; গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে, যা নগরের পরিবেশ ও সৌন্দর্য বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।
নগরকেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশ রক্ষায়ও কাজ করছে আর্থ ক্লাব। টাঙ্গুয়ার হাওরে হাউসবোটগুলোর জন্য ময়লা ফেলার ঝুড়ি প্রদান এবং প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্য পানিতে না ফেলার বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হয়েছে। এতে জলজ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের দায়বদ্ধতার বিষয়টি স্পষ্ট হয়েছে।
নগর পরিচ্ছন্নতার অংশ হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এলাকা, কীন ব্রিজসংলগ্ন চাঁদনীঘাট এবং সুরমা নদীর তীরবর্তী বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মাঝেও পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।
এছাড়া মানবিক সেবামূলক কার্যক্রমেও সমানভাবে সক্রিয় রয়েছে আর্থ ক্লাব ও হাউস সিস্টেমের শিক্ষার্থীরা। এতিমখানা ও প্রত্যন্ত অঞ্চলের বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে খাবার, বইপত্র ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী বিতরণ, শীতকালে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান এবং বন্যার সময় ত্রাণ সহায়তা দেওয়ার মতো নানা উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
এসব উদ্যোগের লক্ষ্য শুধু সেবা প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা। আনন্দনিকেতন বিশ্বাস করে, প্রকৃত শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়- সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণই শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ।
দীর্ঘদিন ধরে আর্থ ক্লাব, হাউস সিস্টেম এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত এসব কার্যক্রম প্রতিষ্ঠানটির “শিক্ষার পাশাপাশি মানবিক ও পরিবেশবান্ধব নাগরিক গড়ে তোলা” দর্শনের বাস্তব প্রতিফলন। ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে আনন্দনিকেতন আর্থ ক্লাব।
