শিরোনাম
ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার সিলেটে হৃদয় হরিজন হত্যা: ১২ ঘণ্টা পরও গ্রেপ্তার নেই সিলেটের গোয়াইনঘাটে কিশোরী ধর্ষণ মামলায় একমাত্র আসামীর মৃত্যুদণ্ড সিলেটসহ সারাদেশের নির্বাচন নিয়ে ঘোষণা আজ স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি ভারতে বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক: যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ মণিপুরে সহিংসতা: ৪৮ ঘণ্টায় ৯ মৃত্যু, মোদি-খেমচাঁদ বৈঠক সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রশাসনিক বিভাগ পরিবর্তনের আশ্বাস রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

https://www.emjanews.com/

18308

sports

প্রকাশিত

০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৫

খেলাধুলা

হৃদয়ের ট্রিপল সেঞ্চুরি: দক্ষিণ আফ্রিকায় ইতিহাস

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৫

ছবি: বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ছুড়ে দেওয়া ৫১২ রানের বিশাল পাহাড় যেন নিছকই ছোট এক টিলায় পরিণত করলেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়। প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস গড়ে ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মিডল অর্ডার ব্যাটার। তার অপরাজিত ৩০০ রানের অবিশ্বাস্য ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

ম্যাচের চতুর্থ দিনে প্রোটিয়া বোলারদের শাসন করে ৪৫০ বলে নিজের ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

তবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি হিসেবে এক অনন্য রেকর্ডের মালিক এখন হৃদয়।

এর আগে রাকিবুল হাসান ও তামিম ইকবাল ঘরোয়া ক্রিকেটে এই কৃতিত্ব দেখালেও বিদেশের প্রতিকূল কন্ডিশনে এমন কীর্তি এই প্রথম।

বাংলাদেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হৃদয়ের যোগ্য সঙ্গী হয়েছিলেন জাকের আলী ও মোহাম্মদ সাইফউদ্দিন। পঞ্চম উইকেটে জাকের আলীর সঙ্গে ১৫১ রানের জুটি গড়ে লড়াইয়ের ভিত গড়ে দেন হৃদয়। যদিও সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ৯৪ রানে সাজঘরে ফেরেন জাকের। এরপর ষষ্ঠ উইকেটে সাইফউদ্দিনের সঙ্গে ১৮৫ রানের মারমুখী জুটি গড়েন হৃদয়, যেখানে সাইফউদ্দিনের অবদান ছিল ৮৭ রান। এই দুই জুটির কল্যাণেই বড় সংগ্রহের পথে হাঁটে বাংলাদেশ।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল। দলটির পক্ষে লেসেগো সেনোকওয়ান ১১১ ও সিনেথেম্বা কেশিল ১২৮ রান করেন। তাদের সেই পাহাড়সম রানের জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল ৬ উইকেটে ৩৭১ রান তুলেছিল। সেখান থেকে শেষ দিনে হৃদয়ের ব্যাটে চড়ে ম্যাচে শুধু সমতায় ফেরেনি, বরং দাপটের সাথে নিয়ন্ত্রণও প্রতিষ্ঠা করেছে সফরকারীরা।