ছবি: ইমজা নিউজ
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানে শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পে চানপুর চা বাগানের চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে সরবরাহ করা হয়।
ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চা বাগানের শ্রমজীবী মানুষের স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা সবার দায়িত্ব। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষ সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী এবং ডানকান ব্রাদার্সের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ।
এ সময় স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বাগান পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক চা শ্রমিক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, শ্রমজীবী ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও বাড়াবে।
সংশ্লিষ্টরা মনে করেন, চা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসুরক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
