রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি সেবা বিভাগ।
রোববার (স্থানীয় সময়) বিকেল ৫টার দিকে কাবারদিনো-বালকারিয়া অঞ্চলের মিজিরগি পর্বত থেকে এ তুষারধসের ঘটনা ঘটে। রাশিয়ার উত্তর ককেশাসের অন্যতম উঁচু পর্বত হিসেবে পরিচিত এই এলাকায় তখন একটি ৩৩ সদস্যের পর্বতারোহী দল আটকা পড়ে।
স্থানীয় জরুরি সেবা বিভাগ জানায়, সোমবার সকাল পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজ উদ্যোগে নিরাপদ স্থানে নেমে আসতে সক্ষম হন। তবে এখনো ছয়জনের কোনো খোঁজ মেলেনি।
উদ্ধার অভিযানে ৫০ জনের বেশি জরুরি সেবা কর্মী অংশ নেন। তবে দুর্গম পাহাড়ি এলাকা, খারাপ আবহাওয়া এবং নতুন করে তুষারধসের শঙ্কার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
রয়টার্সের বরাতে জানা যায়, উদ্ধার অভিযান এখনও চলমান রয়েছে এবং নিখোঁজদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে।
কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দ্রুত উদ্ধার সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
