ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে সরকার দেশে ফিরিয়ে আনতে চায়।
মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “শেখ হাসিনা আসবেন, না হলে আমরা তাকে ধরে নিয়ে আসতে চাই। তিনি একজন আসামি, পলাতক আসামি এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।”
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তথ্য উপদেষ্টা আরও দাবি করেন, শেখ হাসিনার আপিল করার সুযোগও এখন আর নেই এবং তাকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হবে।
তিনি বলেন, সরকারের লক্ষ্য তাকে ফেরত আনা, এবং বিষয়টি আন্তর্জাতিক কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে দেখা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
এ সময় তিনি ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের পরিবেশ তৈরি করা উচিত এবং শেখ হাসিনাকে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া উচিত নয় বলেও মত দেন তিনি।
সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
