https://www.emjanews.com/

18443

tourism

প্রকাশিত

০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭

পর্যটন

হজ প্যাকেজের খরচ কমেছে

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩৭

ছবি: সংগৃহীত

সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে গত বছরের তুলনায় ২০২৭ সালের হজের মূল খরচ উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য তুলে ধরেন।

ধর্মমন্ত্রী জানান, গত ২০২৬ সালে খাবারের খরচ বাদে সরকারের সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৩৭ টাকা। চলতি বছর হজযাত্রীদের সুবিধার্থে মূল প্যাকেজের সঙ্গেই খাবারের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে, যার পরিমাণ ৩৯ হাজার ৫০৮ টাকা। মন্ত্রী উল্লেখ করেন, হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক প্রক্রিয়া হওয়ায় এর ব্যয় নির্ধারণে সৌদি আরব ও বাংলাদেশ—উভয় দেশের সংশ্লিষ্টতা থাকে। মোট খরচের প্রায় তিন-চতুর্থাংশই সৌদি আরবের অংশে ব্যয় হয়, যার মধ্যে রয়েছে মিনা ও আরাফাতের তাঁবু ভাড়া, যাতায়াত, আবাসন এবং স্বাস্থ্য বীমা ফি। অন্যদিকে, বাকি এক-চতুর্থাংশ ব্যয় হয় বাংলাদেশ অংশে, যার বড় একটি খাত হলো বিমান ভাড়া।

সংসদে মন্ত্রী আরও জানান, সৌদি সরকার মিনা ও আরাফাতের সর্বনিম্ন ‘ডি-ক্যাটাগরি’ সেবা প্রত্যাহার করায় খরচ প্রায় ২৩ হাজার ২৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের কারণেও ব্যয় বেড়েছে। এই বাড়তি খরচগুলো যোগ করলে এ বছর সর্বনিম্ন প্যাকেজ হওয়ার কথা ছিল ৫ লাখ ৩৩ হাজার ৭৪০ টাকা।

মন্ত্রী জানান, তবে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এবং প্রধানমন্ত্রীর কূটনৈতিক হস্তক্ষেপে বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানো সম্ভব হয়েছে। ফলে সব মিলিয়ে গত বছরের তুলনায় এ বছরের হজের মূল ব্যয় কমেছে, যা সাধারণ হজযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর।