ছবি: সংগৃহীত
দেশের কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং কৃষকদের সারের প্রাপ্যতা নির্বিঘ্ন করতে কৃষি মন্ত্রণালয় 'সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম' চালু করেছে।
সম্প্রতি মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মাঠপর্যায়ে সারের কৃত্রিম সংকট রোধ, কালোবাজারি বন্ধ এবং সরবরাহ ব্যবস্থা তদারকির লক্ষ্যেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের ৫২৮ নম্বর কক্ষে এই কন্ট্রোল রুমের কার্যক্রম পরিচালিত হবে। কার্যক্রম পরিচালনার জন্য ২৭টি বিশেষ দল গঠন করা হয়েছে, যেখানে প্রতি দলে একজন কর্মকর্তা, একজন প্রশাসনিক কর্মকর্তা এবং একজন অফিস সহায়ক দায়িত্ব পালন করছেন। ১১ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুই শিফটে (সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত) এই কন্ট্রোল রুম সচল থাকবে। পুরো প্রক্রিয়ার সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ)।
কন্ট্রোল রুমের প্রধান কাজ হবে সারা দেশের জেলা ও উপজেলাভিত্তিক সারের মজুদ, সরবরাহ ও বিতরণের তথ্য নিয়মিত সংগ্রহ করা। এছাড়া কোনো এলাকায় সারের অতিরিক্ত দাম রাখা, অবৈধ মজুদ বা পরিবহনে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে জেলা প্রশাসন ও কৃষি বিভাগের সঙ্গে সমন্বয় করে সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেবে এই সেল।
মন্ত্রণালয় জানিয়েছে, গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে সার সংক্রান্ত কোনো অভিযোগ দেখা দিলেও তা গুরুত্বের সাথে যাচাই করা হবে।
অভিযোগ প্রদানের জন্য ০৫০৩৫১ ফোন নম্বরসহ ই-মেইল ও হোয়াটসঅ্যাপ মাধ্যম চালু রাখা হয়েছে। প্রতিদিনের অভিযোগ ও গৃহীত ব্যবস্থার তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে নিয়মিত প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দিতে হবে।
সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রেখে কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই মনিটরিং সেল কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
