https://www.emjanews.com/

18615

sylhet

প্রকাশিত

১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

সিলেট

ডেঙ্গু মোকাবিলায় তরুণদের সক্রিয় হতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪

একটি সমৃদ্ধ ও কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে দেশপ্রেমিক নাগরিক, ব্যবসায়ী, তরুণ উদ্যোক্তা ও গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে তরুণ সমাজকে সক্রিয় হওয়ারও আহ্বান জানান তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ পরিচালনায় সবার সম্মিলিত অংশগ্রহণ জরুরি। উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে সবাই মিলে কাজ করলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন সম্ভব হবে। সরকার উদ্যোক্তা ও গবেষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা দেবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ইনোভেশন নিয়ে আলোচনায় যে দিকনির্দেশনা উঠে এসেছে, তা বাস্তবায়ন করতে পারলে ভবিষ্যতের লক্ষ্য অর্জন সহজ হবে। ধাপে ধাপে এসব পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং বুয়েটের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদারসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, তরুণরা চাইলে দেশকে বদলে দিতে পারে, যা তারা অতীতে প্রমাণ করেছে। আগামী তিন মাসে সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী জানান, দেশে বিপুল সংখ্যক স্কাউট সদস্য, স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থী রয়েছে। সবাই যদি প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে নিজেদের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখে, তাহলে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।