ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কমলগঞ্জে টমটম ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ধলাই নদীতে পড়ে চালক প্রিতম এরিক (পিতু) নিখোঁজ হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কমলগঞ্জ পৌরসভার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ প্রিতম এরিক উপজেলার দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার বাসিন্দা। তিনি টমাস এরিকের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার সকালে এক যাত্রীকে নিয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান প্রিতম। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।
প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে পড়ে যাওয়ার পর প্রিতম স্থানীয়দের সহযোগিতার জন্য চিৎকার করেন। স্থানীয় কয়েকজন দ্রুত নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে তাদের চোখের সামনেই তিনি পানিতে তলিয়ে যান।
খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে নদী থেকে টমটমটি উদ্ধার করা হলেও চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট লিডার ফারুক আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টমটমটি উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। মৌলভীবাজারে ডুবুরি দল না থাকায় সিলেট থেকে ডুবুরি দল আনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। নিখোঁজ ব্যক্তির সন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
