নিরাপত্তার চাদরে সিলেট: ৭ পয়েন্টে রাষ্ট্রপতিকে স্বাগত জানাবে বিএনপি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০০:১১
সিলেটে রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একইসঙ্গে সফর উপলক্ষে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে নগরের বিভিন্ন পয়েন্টে স্বাগত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে নগরজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের ডিভাইডারগুলোতে নতুন করে রঙ করা হয়েছে।
সফর ঘিরে শহরের গুরুত্বপূর্ণ এলাকা, মাজার ও বিভিন্ন সরকারি স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির সফরের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে সোমবার দুপুরে হযরত শাহজালাল (রহ.) মাজার পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। এ সময় তিনি জানান, সফর নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতির নিরাপত্তায় বিশেষ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সিলেট মহানগর পুলিশ, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ ব্যবস্থাপনায় নগরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
সফরকালে সিলেট মহানগর পুলিশের প্রায় এক হাজার সদস্য এবং ট্রাফিক ব্যবস্থাপনায় প্রায় দুই হাজার ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবেন। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারসহ সিটি এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পোশাকি পুলিশের পাশাপাশি সাদা পোশাকের সদস্য, বিশেষ ইউনিট, র্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর নজরদারির অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং ড্রোন নজরদারিও চালানো হবে। যান চলাচল স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছে নগর পুলিশ।
অন্যদিকে, সফর উপলক্ষে সিলেট মহানগর বিএনপি নগরের সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বাগত জানানোর কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী চৌকিদেখী, আম্বরখানা, দরগাহ গেট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরান পয়েন্টে নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নির্দেশনায় সংশ্লিষ্ট ওয়ার্ড ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচিতে অংশ নেবেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল শাখার কর্মকর্তা আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা সোয়া ১১টায় তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে মোটর শোভাযাত্রাসহ বেলা ১১টা ৫০ মিনিটে সিলেট সার্কিট হাউসে পৌঁছাবেন তিনি।
সেখানে গার্ড অব অনার গ্রহণের পর দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন রাষ্ট্রপতি। পরে বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট নগর ভবনে সিলেট সিটি করপোরেশনের আয়োজিত নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
অনুষ্ঠান শেষে সার্কিট হাউসে অবস্থান করবেন রাষ্ট্রপতি। রাত ৮টায় বিমানযোগে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে তার।
