সিলেটসহ সারাদেশে ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০০
ছবি: সংগৃহীত
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন- এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সাত ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। এ পরিকল্পনায় সিলেটসহ দেশের সব জেলায় পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ইসির পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ৮০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর। দ্বিতীয় ধাপের নির্বাচন ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ মে।
সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোও এই ধাপভিত্তিক নির্বাচনের আওতায় আসবে। তবে কোন উপজেলার নির্বাচন কোন ধাপে হবে, তা পরবর্তী সময়ে কমিশনের সিদ্ধান্ত ও তফসিলের মাধ্যমে নির্ধারণ করা হবে।
ইসি সানাউল্লাহ বলেন, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কমিশন ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকেই নির্বাচন কমিশনে বৈঠক শুরু হয়েছে।
কমিশনের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করা হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেট অঞ্চলে দীর্ঘদিন ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ রয়েছে। ইসির ধাপভিত্তিক পরিকল্পনা বাস্তবায়িত হলে আগামী কয়েক মাসে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নেও নির্বাচনী তৎপরতা বাড়তে পারে।
