সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় গোসলরত নারীদের গোপনে ছবি ধারণের অভিযোগকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ব্যবহার করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কাটখাল গ্রামের একটি পুকুরে গোসল করছিলেন স্থানীয় কয়েকজন নারী। এ সময় এরাজত মিয়ার পক্ষের দুই যুবকের বিরুদ্ধে গোপনে মোবাইল ফোনে তাদের ছবি ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজনের সঙ্গে এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
