যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়মে বড় পরিবর্তন
পড়াশোনার মেয়াদ অনুযায়ী থাকার অনুমতি, গ্রেস পিরিয়ড কমে ৩০ দিন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৫
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা ও অবস্থানের নিয়মে বড় পরিবর্তন আসছে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম কার্যকর হলে শিক্ষার্থীরা আর আগের মতো পুরো পড়াশোনার সময়জুড়ে স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন না।
নতুন নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয় ও নির্ধারিত মেয়াদের ভিত্তিতে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া হবে। ফর্ম আই-২০ বা ‘সার্টিফিকেট অব এলিজিবিলিটি ফর ননইমিগ্র্যান্ট স্টুডেন্ট স্ট্যাটাস’-এ উল্লেখ করা পড়াশোনার সময়সীমার ভিত্তিতে অবস্থানের মেয়াদ নির্ধারণ করা হবে। তবে এই মেয়াদ কোনোভাবেই চার বছরের বেশি হবে না।
নিয়ম পরিবর্তনের ফলে পড়াশোনা বা প্রশিক্ষণ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ছাড়ার সময়ও কমছে। এতদিন শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর দেশ ছাড়তে ৬০ দিনের সময় পেতেন। নতুন নিয়মে এই সময় কমিয়ে ৩০ দিন করা হচ্ছে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা বৈধ কোনো উপায়ে নিজের অভিবাসন স্ট্যাটাস পরিবর্তন করতে হবে।
তবে ক্লাস শুরুর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। শিক্ষার্থীরা ক্লাস শুরুর সর্বোচ্চ ৩০ দিন আগে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
কিছু শ্রেণির শিক্ষার্থীর জন্য অবস্থানের মেয়াদ আরও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। ইংরেজি ভাষা শেখার শিক্ষার্থীরা সর্বোচ্চ ২৪ মাস এবং পাবলিক হাই স্কুলের শিক্ষার্থীরা স্কুলের ছুটিসহ সর্বোচ্চ ১২ মাস যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পাবেন।
নির্ধারিত সময়ের মধ্যে পড়াশোনা শেষ করতে না পারলে শিক্ষার্থীদের অতিরিক্ত সময়ের জন্য আবেদন করতে হবে। এ ক্ষেত্রে নির্ধারিত ফরম পূরণ, প্রয়োজনীয় ফি পরিশোধ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
এ ছাড়া যেসব শিক্ষার্থীর ভিসার মেয়াদ এখনো রয়েছে, তারা যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ করে পুনরায় প্রবেশের ক্ষেত্রে নতুন করে অবস্থানের মেয়াদ পাওয়ার সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।
নতুন নিয়মের ফলে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনার সময়সীমা, ফর্ম আই-২০ এবং অভিবাসনসংক্রান্ত কাগজপত্রের বিষয়ে আগের চেয়ে বেশি সতর্ক থাকতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করলে তাদের বৈধ অবস্থান নিয়ে জটিলতা তৈরি হতে পারে।
