হবিগঞ্জের হাওড়ে জমির আগাছা পরিষ্কার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল কৃষকের
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চালবন হাওড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাহির মিয়া তার ভাই শহীদ মিয়া ও আনু মিয়াকে সঙ্গে নিয়ে চালবন হাওড়ে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে কথা কাটাকাটি সংঘর্ষে রূপ নেয়। এতে তাহির মিয়া, তার ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজনেরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, জমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
