সিলেটে ফের শুরু হচ্ছে হামের টিকা: পাবে ৬ মাস থেকে ৫ বছরের শিশুরা
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪৬
সিলেটসহ সারাদেশে হামের টিকাদান কর্মসূচি আবার শুরু হচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এ বিশেষ কার্যক্রম।
রোববার বিকালে ঢাকায় সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, দেশে বর্তমানে হামে আক্রান্ত শিশুদের প্রায় সবাই টিকাবিহীন। বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ইনটেনসিফাইড এমআর ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী যেসব শিশু চলমান হাম-রুবেলা ক্যাম্পেইনে টিকা পায়নি বা বাদ পড়েছে, তাদের খুঁজে বের করে টিকা দেওয়া হবে। একই সঙ্গে এই সময়ে ৬ মাস বয়সে পৌঁছানো নতুন শিশুদেরও টিকার আওতায় আনা হবে।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্ত শিশুদের মধ্যে অপুষ্টি ও অন্যান্য জটিলতার কারণে নিউমোনিয়াসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। টিকা নেওয়ার পর শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে সাধারণত তিন থেকে চার সপ্তাহ সময় লাগে।
ডেঙ্গু ও হামের পরিস্থিতি নিয়েও তিনি কথা বলেন। জানান, উভয় রোগ মোকাবেলায় সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে এবং স্যালাইনের কোনো ঘাটতি নেই। জরুরি পরিস্থিতিতে ডেঙ্গু রোগীদের সেবা দিতে মোবাইল হাসপাতাল ও সেনাবাহিনী প্রস্তুত রাখা হয়েছে। অধিকাংশ রোগীর চিকিৎসা উপজেলা পর্যায়েই সম্ভব হলেও অনেকেই সরাসরি বড় হাসপাতালে চলে আসায় সেখানে চাপ বাড়ছে।
উল্লেখ্য, এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের বিশেষ ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় ১০ সেপ্টেম্বর প্রায় ৪৩ লাখ ডোজ এমআর টিকা দেশে এসেছে। বর্তমানে মোট ৫৮ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে।
