https://www.emjanews.com/

18914

surplus

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০

অন্যান্য

সিলেটে এবারও হবে কুমারী পূজা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০

ছবি: সংগৃহীত

সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে কুমারী পূজার। ৫১ পীঠের অন্যতম মহাপীঠ নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে আগামী ১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় এ পূজা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মহাপীঠ প্রাঙ্গণে নেওয়া হয়েছে পাঁচ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর দিন আমন্ত্রণ, অধিবাস ও ষষ্ঠীর পূজা অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর শনিবার মহাসপ্তমীতে সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ, রাত ৮টায় আরতি এবং রাত ৯টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

১৮ অক্টোবর রবিবার মহাঅষ্টমীর আগের দিনেও সকালে পূজা ও পুষ্পাঞ্জলি প্রদান, দুপুরে ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ এবং রাত ৮টায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় মাতৃসংগীত পরিবেশন করবে সিলেটের সনাতনী সাংস্কৃতিক দল ‘ঐতরেয়’।

১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমীর দিন সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে কুমারী পূজা। এরপর পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সন্ধ্যায় আরতি এবং রাত ৯টায় মাতৃসংগীত পরিবেশন করবে সিলেটের সনাতনী সাংস্কৃতিক সংগঠন ‘গুরুচণ্ডালী ব্যান্ড’।

২০ অক্টোবর মঙ্গলবার মহানবমীতে পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, ভোগারতি দর্শন ও মহাপ্রসাদ বিতরণের পাশাপাশি রাত ৮টায় আরতি অনুষ্ঠিত হবে। রাত ৯টায় থাকবে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক ‘মহিষাসুর বধ’। এতে পরিবেশনা করবেন নাট্যশিল্পী নান্টু দাস।

২১ অক্টোবর বুধবার শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। এবার দেবীর আগমন ঘটবে ঘোটকে এবং গমন হবে নৌকায়।

এ ছাড়া ২৫ অক্টোবর রবিবার শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা এবং ৮ নভেম্বর রবিবার শ্রীশ্রী শ্যামাপূজা অনুষ্ঠিত হবে।

শারদোৎসব ও কুমারী পূজার আয়োজন সুন্দর ও সফল করতে সর্বস্তরের নাগরিকের সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠের সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন ও সাধারণ সম্পাদক জনার্দন চক্রবর্তী মিন্টু।