https://www.emjanews.com/

18913

politics

প্রকাশিত

২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৮

রাজনীতি

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সিলেটে বাসদের বিক্ষোভ

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৮

ছবি: ইমজা নিউজ

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে সিলেটে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখা।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাসদ সিলেট জেলা আহ্বায়ক আবু জাফরের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল।

সমাবেশে বক্তব্য দেন বাসদ জেলা সদস্য নাজিকুল ইসলাম রানা, এম এ ওয়াদুদ, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সহসভাপতি জহর সিংহ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মামুন ব্যাপারী, সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক প্রিতম দাস, সংগ্রাম পরিষদের মাহফুজ আহমদ ও আফছার আহমদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছে। এ মূল্যবৃদ্ধি জনজীবনে সরাসরি চাপ তৈরি করবে। এর ফলে পরিবহন ও যাতায়াত ব্যয় বাড়ার পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়বে।

তাঁরা বলেন, মূল্যস্ফীতির চাপে এমনিতেই শ্রমজীবী, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম বাড়ানো হলে চাল, ডাল, সবজি ও অন্যান্য মৌলিক পণ্যের ওপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়বে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে।

বক্তারা আরও বলেন, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকারের লোকসান কমানোর নীতি জনগণের ওপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকটেও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ অভিযোগ করেন, বর্তমান সরকার পাঁচ মাসে তিনবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। তাঁরা অবিলম্বে বর্ধিত জ্বালানি তেলের দাম প্রত্যাহার, গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট নিরসন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম জনগণের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানান।