রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান রাকিবকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তদন্ত কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।
এর আগে একই দিন রাতে তাকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরের প্রস্তুতি নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
পুলিশের ভাষ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই অডিওতে পুলিশের সক্ষমতা, মাঠপর্যায়ের সদস্যদের অবস্থান এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য রয়েছে বলে বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়।
অডিওতে বলতে শোনা যায়, ‘রাস্তায় থাকা পুলিশ খুবই দুর্বল। শেখ হাসিনা যদি ডিসেম্বরে ফিরে আসে, তবে তারা কিছুই করতে পারবে না।’
অডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। এর মধ্যেই তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করা হয়।
পরে রাষ্ট্রবিরোধী বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয় এবং গ্রেপ্তারের পর আদালত তাকে রিমান্ডে পাঠান।
