সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের অভিযানে ১৪২টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় আটক এবং মেট্রো অধ্যাদেশে গ্রেফতারকৃতরা রয়েছে।
অভিযানে ৫১ পিস ইয়াবা ও ১৪ বোতল দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়েছে।
এদিকে ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে মোট ১৪২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ৬৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৭৮টি যানবাহন আটক করা হয়েছে।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হচ্ছে। নিরাপদ মহানগর গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
