সিলেটে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেমস লিমিটেডের প্রায় ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, রাজস্ব আত্মসাতের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে প্রাথমিক অনুসন্ধান করা হয়। এতে প্রায় ৮০ লাখ টাকা আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া যায়। তবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাদের দায় থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে- এমন অভিযোগও রয়েছে। পাশাপাশি ঘটনাটি আড়াল করার চেষ্টার বিষয়েও অভিযোগ পেয়েছে দুদক।
অভিযানকালে দুদকের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র ও রেকর্ড সংগ্রহ করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে, হবিগঞ্জ জোনের আঞ্চলিক পরিচালক হবিগঞ্জের বাসিন্দা মো. ছয়ফুল আলম এবং ছাতক জোনের সহকারী ব্যবস্থাপক ছাতকের বাসিন্দা মো. আশফাকুর রহমান গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ গ্রহণ করে লেজারে ভুয়া এন্ট্রি, বিকাশ বিল জালিয়াতি এবং সফটওয়্যারে ভুয়া পোস্টিংয়ের মাধ্যমে অর্থ আত্মসাত করেছেন- এমন প্রাথমিক তথ্য মিলেছে।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের উপপরিচালক সুবেল আহমদ বলেন, অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযান চালিয়ে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয়েছে। সেগুলো পর্যালোচনা শেষে কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
