ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদে হামলার ঘটনায় নাহিদ হাসান (২৬) নামে এক যুবক আহত হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া (বড়বাড়ী) এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত নাহিদকে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে নাহিদের বাবা সাইফুর রহমানের সঙ্গে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। শুক্রবার জুমার নামাজের আগে নাহিদ মসজিদে সুন্নত নামাজ আদায় করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীদের হাত থেকে বাঁচতে নাহিদ মসজিদের পাশে শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানেও হামলাকারীরা প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় জুবেল আহমদ (৪০), জাহিন আহমদ (২৭), আফজাল (৩০)- তাঁরা রেজাউল করিমের ছেলে- এবং শেবিরের ছেলে লাহিন (২৮)সহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে। তাঁদের বাড়ি পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিনও ঘটনাস্থলে গিয়ে আহত যুবকের খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানান।
শান্তিগঞ্জ থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই রাকিবুল ইসলাম বলেন, ‘বীরগাঁওয়ের ঘটনা সম্পর্কে আমরা অবগত হয়েছি। আহত যুবকের নাম নাহিদ। তিনি বর্তমানে সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
