ছবি: সংগৃহীত
সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশে যুক্ত হচ্ছে নতুন বিশেষায়িত ইউনিট। ‘সাইবার পুলিশ ইউনিট’ নামে এই ইউনিটের কার্যক্রম প্রাথমিকভাবে পুলিশের বিদ্যমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে শুরু হবে। একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের (অতিরিক্ত আইজিপি) নেতৃত্বে ইউনিটটি পরিচালিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-৩ শাখা থেকে গত ২১ সেপ্টেম্বর পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে পাঠানো এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ স্বাক্ষরিত ওই চিঠিতে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোয় বিশেষায়িত ও স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের নীতিগত অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, পুলিশের বর্তমান জনবল ও সরঞ্জাম ব্যবহার করে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে সাইবার পুলিশ ইউনিটের কার্যক্রম শুরুর নীতিগত অনুমোদন দেওয়া হলো। সাইবার অপরাধ মোকাবিলায় বিশেষায়িত এই ইউনিট কাজ করবে।
তবে ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে নতুন পদের সংখ্যা, যানবাহন ও অন্যান্য লজিস্টিক সুবিধার বিষয়েও সিদ্ধান্ত হয়নি।
এ জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি এবং যানবাহন টিওঅ্যান্ডইভুক্তকরণসহ সাইবার পুলিশ ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তাব প্রস্তুত করে তিন কার্যদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুমোদনের পর ইউনিটটির পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো ও প্রয়োজনীয় জনবল-সরঞ্জামের বিষয়ে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
