https://www.emjanews.com/

19036

surplus

প্রকাশিত

২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১

অন্যান্য

জাপানে অনিশ্চয়তায় প্রবাসীরা

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:২১

ছবি: সংগৃহীত

জাপানে স্থায়ীভাবে বসবাসের পথ আরও কঠিন করার উদ্যোগে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস ও কর্মরত প্রবাসীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নতুন নিয়মে স্থায়ী আবাসনের জন্য আয়, জাপানি ভাষাজ্ঞান ও দীর্ঘমেয়াদি পেনশন জমার মতো শর্ত যুক্ত হওয়ায় বাংলাদেশি প্রকৌশলী আব্দুলের মতো বহু প্রবাসী এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।

দীর্ঘ আট বছর ধরে জাপানে চাকরি করছেন আব্দুল। এতদিন দেশটিকে নিজের ঘরের মতোই মনে হলেও নতুন নিয়মের কারণে স্থায়ীভাবে থাকার সুযোগ পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। স্ত্রীকে নিয়ে উত্তর টোকিওতে বসবাসকারী আব্দুল জানান, স্থায়ীভাবে থাকার আবেদন বাতিল হলে তাকে হয়তো বাধ্য হয়ে জাপান ছেড়ে অন্য কোনো দেশে চলে যেতে হতে পারে।

জাপানের ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আগামী অক্টোবর থেকে স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, স্থায়ী আবাসনের আবেদনকারীর আয় জাপানের গড় আয়ের চেয়ে বেশি হতে হবে। পাশাপাশি ভালো জাপানি ভাষাজ্ঞান এবং অন্তত ৩০ বছরের পেনশন জমা দেওয়ার হিসাবও থাকতে হবে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জাপানে বসবাসরত বিদেশিদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, যাতে তারা দেশের জন্য বোঝা হয়ে না দাঁড়ান।

নতুন নিয়মের প্রভাব শুধু বাংলাদেশি প্রবাসীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে জাপানে বসবাসকারী আমেরিকান নাগরিক সারাহ নেলকিনের মতো অনেক বিদেশিও স্থায়ী আবাসনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

গবেষকদের মতে, স্থায়ী বসবাসের পথ কঠিন করার সিদ্ধান্তের প্রভাব জাপানের শ্রমবাজারেও পড়তে পারে। দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে এবং জন্মহার কমে যাওয়ায় বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি রয়েছে। এমন পরিস্থিতিতে বিদেশি দক্ষ কর্মীদের আকৃষ্ট করার ক্ষেত্রে নতুন নিয়ম বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন তারা।

২০২৫ সালের শেষ হিসাব অনুযায়ী, জাপানে বসবাসকারী বিদেশির সংখ্যা রেকর্ড ৪১ লাখ ছাড়িয়েছে। নতুন নিয়মের কারণে দক্ষ বিদেশি কর্মীদের একটি অংশ ভবিষ্যতে জাপানে আসার বিষয়ে আগ্রহ হারাতে পারেন বলেও আশঙ্কা রয়েছে।

জাপানের রাজনীতিতে ডানপন্থী দলগুলোর প্রভাব বাড়ার সময়েই বিদেশিদের নিয়ে সরকারের নীতিতে এই পরিবর্তন আসছে। সরকারের নতুন নীতিতে ভিন্ন সংস্কৃতির মানুষের আগমন ও বসবাসের কারণে সম্ভাব্য সামাজিক সমস্যার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এদিকে বিদেশিদের নিয়ে সাধারণ জাপানিদের মনোভাবও আগের তুলনায় কঠোর হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি জরিপে দেখা গেছে, অর্ধেকের বেশি জাপানি নাগরিক তাদের দেশে আরও বেশি বিদেশি আসার পক্ষে নন।

ফলে নতুন নিয়ম ঘিরে জাপানে বসবাসরত হাজার হাজার প্রবাসীর মধ্যে স্থায়ী আবাসন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের বসবাস, কর্মজীবন ও পারিবারিক জীবন জাপানে গড়ে তোলার পর নতুন শর্ত পূরণ করতে না পারলে তাদের কেউ কেউ বিকল্প দেশ বেছে নিতে বাধ্য হতে পারেন।