https://www.emjanews.com/

19033

sylhet

প্রকাশিত

২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪

আপডেট

২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৮

সিলেট

মসজিদের মিম্বর থেকে সিসিক প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৪

ছবি: সংগৃহীত

সিলেট নগরের ২১ নম্বর ওয়ার্ডের পশ্চিম সোনারপাড়া এলাকায় বিশুদ্ধ সুপেয় পানির সংকট, দীর্ঘদিনের অপরিকল্পিত ও অপ্রশস্ত রাস্তা এবং অসমাপ্ত ড্রেনেজ কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। দীর্ঘদিনের পুঞ্জীভূত এসব নাগরিক সমস্যা দ্রুত সমাধানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ সংশ্লিষ্ট সরকারি দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করে তিন দফা দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে পশ্চিম সোনারপাড়া বায়তুন নূর জামে মসজিদের মিম্বর থেকে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে এসব দাবি এবং নাগরিক দুর্ভোগের কথা তুলে ধরেন মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফয়েজ উল কয়েস।

এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে তিনটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়।

প্রথমত, পর্যাপ্ত সুপেয় পানির সংকট নিরসন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় সিটি করপোরেশনের সরবরাহ করা পানি চাহিদার তুলনায় অপ্রতুল। ফলে প্রতিদিন হাজারো মানুষকে তীব্র পানির সংকটে পড়তে হচ্ছে।

দ্বিতীয়ত, জরুরি ভিত্তিতে রাস্তা প্রশস্তকরণ। সোনারপাড়া এলাকার মাত্র ২০০ থেকে ২৫০ ফুট রাস্তা অত্যন্ত সরু ও সংকুচিত হয়ে আছে। এর ফলে প্রতিদিন ছোট-বড় যানবাহনের চলাচলে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে পথচারী ও স্থানীয় বাসিন্দাদেরও যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তৃতীয়ত, অসমাপ্ত ড্রেনের কাজ দ্রুত সম্পন্ন করা। শাহজালাল উপশহর ও সোনারপাড়া সংলগ্ন প্রধান ড্রেনের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হলেও মাঝখানে প্রায় ১০০ ফুট অংশ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের দাবি, ড্রেনের সামান্য এই অংশের কাজ শেষ না হওয়ায় অল্প বৃষ্টিতেই মূল ড্রেনের পানি উপচে পড়ে পুরো এলাকায় কৃত্রিম ও তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।

জুমার নামাজ শেষে পঞ্চায়েতের সদস্য, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা সরেজমিনে সমস্যাগ্রস্ত রাস্তা এবং অসমাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ঘুরে দেখেন।

এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এসব নাগরিক সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি।

তারা আশা প্রকাশ করেন, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সরেজমিনে পশ্চিম সোনারপাড়া এলাকা পরিদর্শন করে দ্রুত এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করবেন।