সিলেটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জিরা বহনে ব্যবহৃত দুটি পিকআপও জব্দ করা হয়।
শুক্রবার (২ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে জেলার গোয়াইনঘাট উপজেলার কামাইদ এলাকায় অভিযান চালিয়ে এসব জব্দ ও গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- গোয়াইনঘাট উপজেলার নয়াখেল এলাকার আব্দুল গফুরের ছেলে মো. আল আমিন (২৫) এবং রাধানগর এলাকার কামাল উদ্দীনের ছেলে ইমন আহমদ (২২)।
পুলিশ জানায়, অভিযানে ১২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়, যার ওজন প্রায় ৩ হাজার ৬০০ কেজি এবং বাজারমূল্য আনুমানিক ৩৬ লাখ টাকা। এ ছাড়া জিরা পরিবহনে ব্যবহৃত দুটি ডিআই পিকআপ জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬৬ লাখ টাকা।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
