ছবি: সংগৃহীত
ভোলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল জেলা শাখার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। নতুন এই কার্যালয়ের মাধ্যমে ক্রীড়া ও যুবসমাজের উন্নয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
গেলো বৃহস্পতিবার (১ অক্টোবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যালয়টির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, ক্রীড়া শুধু শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যম নয়, এটি তরুণ সমাজকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ করার অন্যতম শক্তিশালী মাধ্যম। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসার ঘটাতে হবে।
তিনি বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের যথাযথ প্রশিক্ষণ ও সুযোগ দিতে হবে। তৃণমূল পর্যায়ে ক্রীড়ার বিকাশ ঘটাতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনা সম্ভব হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে জাহেদ পারভেজ চৌধুরী বলেন, ‘ভোলাসহ দেশের প্রতিটি জেলায় ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। দল-মত নির্বিশেষে সবাইকে ক্রীড়ার উন্নয়নে এগিয়ে আসতে হবে। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়া সংগঠনগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়াদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-আহবায়ক মঈনুল হক মঈন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ভোলা জেলা আহ্বায়ক জনাব জাহিদ ইকবাল আলমাসসহ ভোলা জেলা ক্রীড়াদলের নেতৃবৃন্দ এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় সংশ্লিষ্ট নেতারা বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়; তরুণদের সুস্থ, সুশৃঙ্খল ও সংগঠিত রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন কার্যালয়কে কেন্দ্র করে ভোলার ক্রীড়াঙ্গন ও যুবসমাজের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল ভোলা জেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার, প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করা এবং যুবসমাজকে ক্রীড়ামুখী করার লক্ষ্যেই নতুন কার্যালয়ের যাত্রা শুরু হয়েছে।
