ছবি: সংগৃহীত
উত্তরাঞ্চলের দুধকুমার নদীর পানি আগামী দুই দিন বাড়তে পারে। একই সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও আগামী দুই দিন বাড়ার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে দেশের সব প্রধান নদ-নদীর পানি বর্তমানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত বৃষ্টিপাত, নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন দেশের অভ্যন্তরে এবং তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। গত ২৪ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল কমেছে।
আগামী তিন দিন তিস্তা ও ধরলা নদীর পানি আরও কমতে পারে। তবে দুধকুমার নদীর পানি আগামী এক দিন স্থিতিশীল থাকার পর পরবর্তী দুই দিন বাড়তে পারে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানি সমতল বেড়েছে। আগামী দুই দিন এ দুই নদীর পানি আরও বাড়তে পারে। এরপর এক দিন পানি কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল কমেছে। ব্রহ্মপুত্রের পানি আগামী তিন দিন কমে পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। যমুনার পানি আগামী পাঁচ দিন কমার সম্ভাবনা রয়েছে।
গঙ্গার পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে এবং আগামী তিন দিন আরও বাড়তে পারে। এরপর দুই দিন পানি স্থিতিশীল থাকার পূর্বাভাস রয়েছে। তবে পদ্মার পানি গত ২৪ ঘণ্টায় কমেছে এবং আগামী পাঁচ দিন তা স্থিতিশীল থাকতে পারে।
সার্বিকভাবে দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বিপদসীমার নিচে থাকায় এই মুহূর্তে বড় ধরনের বন্যার আশঙ্কার কথা জানানো হয়নি।
