সিলেটে ২৪ ঘন্টায় হামে শনাক্ত, মৃ/ত্যু শূণ্য হলেও উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৩:৫৫
সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে মৃত্যুহীন আরও একটি দিন কাটল। তবে গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৬৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হাম ও হাম সন্দেহে কারও মৃত্যু হয়নি। এর আগে টানা কয়েক দিন এ রোগে মৃত্যুর খবর পাওয়া গেলেও সম্প্রতি মৃত্যুহীন সময় কিছুটা স্বস্তি ফিরিয়েছে। গত দুই দিনেও নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১২৪ জনের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে ৬০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪১, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৬, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১, মাউন্ট এডোরা হাসপাতালে ১, দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছর সিলেট বিভাগে মোট ১ হাজার ১০২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৪২৯, হবিগঞ্জে ১৫৮, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৩৫৭ জন রয়েছেন।
এদিকে, চলতি বছর বিভাগে হাম ও হাম সন্দেহে মোট ১৯২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৭৯, হবিগঞ্জে ২৯, মৌলভীবাজারে ১৫ এবং সুনামগঞ্জে ৬৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পরীক্ষায় ১০ জনের হাম নিশ্চিত হয়েছিল।
