https://www.emjanews.com/

19683

sylhet

প্রকাশিত

১৬ অক্টোবর ২০২৬ ২১:৩৩

সিলেট

সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

পারিবারিক কলহের জেরে ঘটনা, ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে মর্গে

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ২১:৩৩

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পারিবারিক কলহের জেরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী মাকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের কাইয়ারগাঁও মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ছেলে নুরু আলমকে (৪৫) আটক করেছে পুলিশ।

নিহত রেজিয়া খাতুন (৭০) ওই গ্রামের মৃত হাসান উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে রেজিয়া খাতুনের টিনের বসতঘরে পারিবারিক বিষয় নিয়ে তাঁর সঙ্গে বড় ছেলে নুরু আলমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নুরু আলম ধারালো দা দিয়ে মায়ের গলার পেছনে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন রেজিয়া খাতুন। পরে তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত নুরু আলমকে আটক করে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।