চাঁপাইনবাবগঞ্জে আমবাগানে মিলল ৯২টি ককটেল, সাড়ে ১১ কেজি গানপাউডার
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ ২২:১৫
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি আমবাগান থেকে বিপুল পরিমাণ ককটেল, গানপাউডার ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫) সদস্যরা। উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে রয়েছে ৯২টি ককটেল ও ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের পূর্বটিকরা গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব বিস্ফোরক ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসআরবি-৫-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-১ ও চাঁপাইনবাবগঞ্জ এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯২টি ককটেল, ১১ কেজি ৮০০ গ্রাম গানপাউডার, দুটি হাঁসুয়া এবং বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থল ও আশপাশে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি। ফলে এসব বিস্ফোরক সেখানে কারা মজুত করেছিল, তাৎক্ষণিকভাবে তা শনাক্ত করা সম্ভব হয়নি।
বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের বিষয়ে এসআরবির চাঁপাইনবাবগঞ্জের কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) তরিকুল ইসলাম বলেন, স্থানীয়ভাবে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে দুষ্কৃতকারীরা এসব ককটেল ও বিস্ফোরক মজুত করেছিল বলে ধারণা করা হচ্ছে। অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
তিনি আরও জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে উদ্ধার করা ককটেল, গানপাউডার ও অন্যান্য আলামত সদর থানায় জমা দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে পুলিশ তদন্ত করবে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
